নতুন বেতন কাঠামো প্রণয়ন নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় জোটের ১২ জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি লিখেছেন, “জাতীয় বেতন কমিশন ২০২৫-এর চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ আগামীকাল আড়াইটায় সচিবালয়ে বৈঠকে মিলিত হবেন।”
জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা আগামীকাল (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে ওই দিন ভিন্ন ভিন্ন সময়ে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ, আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সভায় অংশ নেবেন—অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল এবং মো. মাহবুব আলম।
Leave a Reply