আবহাওয়ার মারাত্মক অবনতি এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থীদের নতুন তারিখ ও সময় সম্পর্কে পরবর্তী নির্দেশনার জন্য শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির প্রতি নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পরীক্ষার্থীদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ না থাকায় সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে নিজ নিজ এলাকার পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের কাছে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
Leave a Reply