মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য আবারও নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও নিয়মিত হালনাগাদের বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫ জুলাই-এর মধ্যে সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য প্রদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।
মঙ্গলবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব আঞ্চলিক উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় তথ্য বাতায়নের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাঠপর্যায়ের বিভিন্ন অফিসের জন্য ইতোমধ্যে পৃথক ওয়েবসাইট তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অধিদপ্তরের অধীন অনেক আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে না। ফলে এসব ওয়েবসাইটে অনেক তথ্য পুরোনো অবস্থায় রয়ে গেছে, যা সরকারি তথ্যপ্রকাশ ও সেবাদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)-এর আওতায় পরিচালিত এসব ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ রাখা বাধ্যতামূলক। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত হালনাগাদ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়েরও স্পষ্ট নির্দেশনা রয়েছে। তাই সরকারি ও বেসরকারি—উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকেই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে ওয়েবসাইটে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও কনটেন্ট জরুরি ভিত্তিতে হালনাগাদ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট অফিসগুলোর ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ছবি, দাপ্তরিক ই-মেইল ঠিকানা, নোটিশ বোর্ড, সর্বশেষ খবর, বিভিন্ন মেনু, অফিস আদেশ ও প্রজ্ঞাপন, নীতিমালা, বিভিন্ন ফোকাল পয়েন্ট কর্মকর্তার তথ্য নিয়মিতভাবে হালনাগাদ রাখতে হবে।
এছাড়া ওয়েবসাইটে থাকা বিভিন্ন সেবাবক্সও হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS), সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, জাতীয় শুদ্ধাচার কৌশল, নীতিমালা ও প্রকাশনা এবং নাগরিক ই-সেবাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৫ জুলাইয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক কার্যালয়, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের অফিস এবং সরকারি স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরি বা প্রয়োজনীয় তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করতে হবে।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট হালনাগাদের অগ্রগতি ও প্রয়োজনীয় তথ্য নির্ধারিত গুগল ফরমে জমা দিতে হবে। এ লক্ষ্যে অধিদপ্তর একটি নির্দিষ্ট গুগল ফরমের লিংকও সরবরাহ করেছে। সংশ্লিষ্ট সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ওই লিংকে প্রবেশ করে নির্ধারিত তথ্য পূরণ করে অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গুগল ফরমের লিংক: https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7
Leave a Reply