ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নতুন করে সংলাপ শুরুর আগেই তেহরানের ওপর দুটি কঠোর শর্ত আরোপ করেছে ওয়াশিংটন। ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হতে পারে। তার দাবি, ইতোমধ্যে “উপযুক্ত পর্যায়ের” কিছু পক্ষ ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ইরানের সামনে মূলত দুটি শর্ত সামনে এনেছে—
প্রথম শর্ত: হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা
ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি যেন সম্পূর্ণভাবে বাধাহীন থাকে। যুক্তরাষ্ট্র ‘পারস্পরিকতা’ নীতির কথা উল্লেখ করে বলেছে, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানি জাহাজ ও ট্যাংকারের চলাচলও সীমিত বা বন্ধ করে দেওয়া হতে পারে।
দ্বিতীয় শর্ত: আইআরজিসির পূর্ণ অনুমোদনসহ প্রতিনিধিদল
আলোচনায় অংশ নিতে ইরানের যে প্রতিনিধি দল যাবে, তাদের অবশ্যই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পূর্ণ অনুমোদন থাকতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের লক্ষ্য হলো—ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সব পক্ষের সম্মতি নিশ্চিত করা, যাতে সম্ভাব্য কোনো সমঝোতা পরবর্তীতে চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে।
এদিকে এই দুই শর্ত নিয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি নতুন করে আলোচনায় ফেরার বিষয়টিও তেহরান কার্যত নাকচ করে দিয়েছে। দেশটির অবস্থান বরাবরই স্পষ্ট—যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার ঘাটতির কারণে তারা আলোচনার টেবিলে বসার বিষয়ে অনিচ্ছুক।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ঘিরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে বলে জানা যায়। টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল থেকে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয় দুই পক্ষের মধ্যে। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply