নানা অভিযোগে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পূর্ববর্তী সরকারগুলোর সময়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল সোমবার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভাটি ছিল ‘শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন ইশতেহার ২০২৬ বাস্তবায়নে ১৮০ দিনের কর্মসূচি’ নিয়ে। সেখানে মন্ত্রী জানান, আগের সরকারগুলোর আমলে শুরু হওয়া কিন্তু এখনো বিভিন্ন অভিযোগে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ার দায় বর্তমান নবগঠিত বিএনপি সরকার নেবে না।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, প্রদর্শক এবং অন্যান্য জনবল নিয়োগে গত কয়েক বছরে হওয়া অনিয়ম ও দুর্নীতির বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, যেসব নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান সরকার দেয়নি, কিন্তু আগের সরকারগুলোর সময়ে শুরু হয়ে এখনো চাঁদাবাজিসহ নানা অভিযোগে পেন্ডিং রয়েছে—সেসব প্রক্রিয়া যে অবস্থাতেই থাকুক না কেন, সবই বাতিল করা হবে।
এছাড়া তিনি সতর্ক করে বলেন, পেন্ডিং থাকা বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যদি কোনো কর্মকর্তা জড়িত থাকেন, তবে তারা যেন স্বেচ্ছায় অন্যত্র বদলি হয়ে চলে যান। এতে করে নতুন করে স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়া চালু করা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply