মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি ২০২৬ মাসের এমপিও অর্থ ইএফটির (EFT) মাধ্যমে প্রেরণের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বিল সাবমিট করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। রবিবার মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিও অর্থ ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাব নম্বরে সরাসরি অর্থ প্রেরণ করা হয়েছে। আগস্ট মাস থেকে এমপিও অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এমপিওভুক্ত জনবলের বিল অনলাইনে সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করবেন। এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য এমপিও অর্থ পৃথকভাবে নির্ধারণ করে সঠিক তথ্যের ভিত্তিতে বিল দাখিল করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে এমপিও অর্থ প্রেরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে বিধি অনুযায়ী তার প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিট অপশনে সঠিকভাবে উল্লেখ করতে হবে।
এমপিও অর্থ ইএফটির মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর অর্থ প্রেরিত না হলে বা অতিরিক্ত অর্থ প্রেরণ হলে তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
তবে বিল সাবমিট প্রক্রিয়ায় কিছু কারিগরি জটিলতার কথাও জানা গেছে। অনেক সময় সিস্টেমে নির্দিষ্ট অপশনগুলো হিডেন অবস্থায় থাকে কিংবা অপশন দৃশ্যমান হলেও বিলের ডাটা লোড হয় না। অর্থাৎ শিক্ষক-কর্মচারীদের তথ্য বা হিসাব প্রদর্শিত হয় না। এ বিষয়ে ইএমআইএস সেলের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে, এটি বড় ধরনের কারিগরি ত্রুটি নয়; বরং একসঙ্গে অনেক ব্যবহারকারী সিস্টেমে প্রবেশের চেষ্টা করায় সার্ভারজনিত সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় উদ্বিগ্ন না হয়ে পুনরায় চেষ্টা করতে পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারি-২০২৬ মাসের এমপিও বিল সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, শুধুমাত্র আইবাস (iBAS++)-এ যাচাইকৃত ও ভ্যালিড জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল বা অসম্পূর্ণ রয়েছে, তাদের তথ্য সংশোধন ও যাচাই সম্পন্ন হলে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ প্রদান করা হবে।
Leave a Reply