ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ধরনের পরিবর্তন এসেছে। স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে মাহিন সরকার জানান, তিনি আবু বাকের মজুমদারকে সমর্থন দিচ্ছেন। তার ভাষ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সর্বত্র গণঅভ্যুত্থানমুখী শক্তিগুলোর মধ্যে ঐক্য এখন সময়ের দাবি। মাহিনের মতে, ডাকসু নির্বাচনে যদি এমন নেতৃত্ব বিজয়ী হয় যারা পূর্বে শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন-সংগ্রামে শামিল থেকেছে, তবে তারা শিক্ষার্থীদের প্রতি আরও বেশি দায়বদ্ধ থাকবে এবং তাদের জন্য নিবেদিতভাবে কাজ করবে। এ প্রেক্ষাপটেই তিনি মনে করছেন, আবু বাকের মজুমদার জিএস পদে বিজয়ী হলে সেটি তার নিজের বিজয়ের সমতুল্য হবে।
তিনি বলেন, “আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই, আপনারা তাকে ভোট দিন এবং জিএস পদে নির্বাচিত করুন।”
তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকায় ব্যালটে মাহিন সরকারের নাম থেকে যাবে। এই প্রসঙ্গে তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা আমাকে সমর্থন করেছেন, এজন্য কৃতজ্ঞ। কিন্তু এবার আপনারা বাকেরকে ভোট দিন। আমার সমর্থন তার প্রতিই।”
Leave a Reply