অসুস্থতার কারণে দীর্ঘ দেড় মাস জনসম্মুখ থেকে দূরে থাকার পর অবশেষে আবারও প্রকাশ্যে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি গণমাধ্যম ও উপস্থিত সবার সামনে বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতেই তিনি মহান সৃষ্টিকর্তার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য আমি তাঁর দরবারে কৃতজ্ঞতা আদায় করছি।” তিনি আরও উল্লেখ করেন, আল্লাহর তৌফিক ছাড়া তিনি আজকের এই অবস্থানে এসে কথা বলতে পারতেন না।
জামায়াত আমির জানান, অসুস্থতার সময় তাঁর মনে হয়েছে—জাতির উদ্দেশে কিছু কথা বলার দায়িত্ব তাঁর ওপর বর্তায়, আর তা অন্য কারও দ্বারা পূরণ হওয়ার সুযোগ নেই। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন অন্তত মানুষের কল্যাণের জন্য প্রয়োজনীয় কথাগুলো বলার সুযোগ পান, আর আল্লাহ তাঁকে সেই সুযোগ করে দিয়েছেন।
নিজের অসুস্থতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “সমাবেশের দিন আমি যখন পড়ে যাই, তখন দেশের মানুষ টিভি স্ক্রিন কিংবা মোবাইল ফোনে তা প্রত্যক্ষ করছিলেন। সেই সময় ইউনাইটেড হসপিটালের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামানও ঘটনাটি দেখেন। তিনি তখনই আশঙ্কা প্রকাশ করেন, সমস্যাটি মস্তিষ্কজনিত নয়, বরং হৃদ্যন্ত্রে হতে পারে। পরে তাঁর পরামর্শে আমি চিকিৎসা গ্রহণ করি।”
Leave a Reply