গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মুমূর্ষূ অবস্থায় রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের লাঠিচার্জে আহত হন নুর।
রাত সাড়ে ১০টার দিকে গণঅধিকার পরিষদের অন্যতম নেতা আবু হানিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের দলের সভাপতি নুরুল হকের অবস্থা বেশি ভালো না। তিনি মুমূর্ষূ অবস্থায় বর্তমানে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে চিকিৎসকদের অবজারভেশনে আছেন।’
আবু হানিফ বলেন, ‘তার খিঁচুনি হচ্ছে। তার নাকে-মুখে আঘাত করা হয়। আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও শতাধিক আহত হয়েছেন।’
কেন পুলিশ ও সেনা সদস্যরা আঘাত করেছেন? এমন প্রশ্নের জবাবে আবু হানিফ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। পরে যখন মশাল মিছিল করি, তখন আমাদের ওপর হামলা করে। এরপর আমরা যখন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি, তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হামলা করেন, নেতাকর্মীদের বেধড়ক মারধর করেন।’
Leave a Reply