বিতর্কিত মন্তব্য প্রদান করায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে দলীয়ভাবে লিখিত সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির দপ্তর থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে তাদের এ সতর্কবার্তা জানানো হয়। সংশ্লিষ্ট দুই নেতার কাছে চিঠিটি পৌঁছে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্র। সূত্র জানায়, সম্প্রতি এই দুই নেতার কিছু বক্তব্য দলকে বিব্রত করেছে। চিঠিতে তাদেরকে দলের নীতিমালা ও দৃষ্টিভঙ্গির বাইরে কোনো ধরনের বক্তব্য কিংবা মন্তব্য না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে জনসম্মুখে, সভা-সেমিনারে এবং গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদুর একটি মন্তব্য বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। যা বিএনপির মতো প্রাচীন অভিজ্ঞ দলের নেতার মুখে শোভা পায় না। এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকে এ মন্তব্যের বিরোধিতা করেন এবং তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
অন্যদিকে, বরকত উল্লাহ বুলু ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তারেক রহমানকে উল্লেখ করে একটি মন্তব্য করেন, মন্তব্যটি ছিল এমন যে, তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। গত ২৫ ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেছিলেন। যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে তিনি গণমাধ্যমে এ বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।
বিএনপি মনে করে, দলের শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্য জনগণের কাছে দলের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করে। তাই ভবিষ্যতে দায়িত্বশীলতা ও শালীনতার সঙ্গে বক্তব্য প্রদানের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply