সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম-কানুন চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য সম্প্রতি জারি করা হয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’, যা অবিলম্বে কার্যকর হবে। নতুন এ বিধিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের ২০১৯ সালের বিধিমালা বাতিল বলে গণ্য হবে।
এই নতুন বিধিমালা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হতে হলে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। লিখিত পরীক্ষার মোট নম্বর ধরা হয়েছে ৯০। চারটি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে— বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সীমা হবে ৯০ মিনিট।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিতরা অংশগ্রহণ করবেন ১০ নম্বরের মৌখিক পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে অন্তত ৪৫ নম্বর (মোট নম্বরের ৫০ শতাংশ) অর্জন করতে হবে। একইভাবে মৌখিক পরীক্ষায়ও প্রার্থীকে অন্তত ৫ নম্বর পেতে হবে পাস করার জন্য।
বিধিমালার মাধ্যমে জানানো হয়েছে, ভবিষ্যতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ কার্যক্রম এ নতুন নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় ১৩ হাজার ৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।
Leave a Reply