নবম পে-কমিশন গঠনের আশ্বাস, রেশন-ভাতা বিষয়েও গুরুত্বারোপ
খুব অল্প সময়ের মধ্যেই নবম পে-কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।
সংগঠনের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কর্মসূচি বাস্তবায়নে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
জরুরি বৈঠকে নেতারা অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালু করা অত্যন্ত যৌক্তিক। জবাবে উপদেষ্টা জানান, রেশন-ভাতা চালুর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, মিজানুর রহমান শিবলু, শাহাব উদ্দিন, আব্দুল কাদের, শুভ, সুমন জিমানুর রহমান, শহীদুল ইসলাম, তোফাজ্জল হোসেন প্রমুখ।
Leave a Reply