জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সাম্প্রতিক শিক্ষা পরিস্থিতি, চলমান এইচএসসি পরীক্ষা, বন্যা ও জলাবদ্ধতা এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকের খবর প্রকাশের আগে থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সড়কে নেমে আসেন।
এর আগে সোমবার টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের কয়েকটি অঞ্চলের বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অমানবিক বলে আখ্যায়িত করেন।
সায়েন্স ল্যাব এলাকায় কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। বেলা সোয়া ১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ অব্যাহত রাখেন।
একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও মোতায়েন করা হয়েছে।
পরে বেলা আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হন। সেখানে গিয়ে তারা পরীক্ষা স্থগিত, বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের একটি বড় অংশ জাতীয় সংসদ ভবনের সামনের এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে চলমান পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রীর জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ায় শিক্ষা খাতে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। তবে বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
Leave a Reply