চট্টগ্রামসহ পাঁচ জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকলেও দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে সব বোর্ডের পরীক্ষা একযোগে স্থগিত করার দাবি ওঠার পর এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
চলমান এইচএসসি পরীক্ষায় কুমিল্লার সরকারি মহিলা কলেজ কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়নি। কুমিল্লার সেই কেন্দ্রের ছবি ব্যবহার করে সারাদেশে প্রোপাগান্ডা চালাচ্ছে একটি গোষ্ঠী। তাই অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে এইচএসসি পরীক্ষা চলমান থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় এসব তথ্য উঠে এসেছে।
বেলা দেড়টার দিকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আপাতত যে অবস্থা আছে দেশের এই প্রান্থ থেকে ওই প্রান্থ পর্যন্ত সকলের মত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের চার জেলার পরীক্ষা স্থগিত থাকবে।
সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের প্রত্যেকের স্বার্থ বিবেচনায় রেখেই পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিরূপ আবহাওয়ার কারণে কেন দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হচ্ছে না—এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষা বোর্ড সেই উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভাষ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন কয়েকটি পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক পরীক্ষার্থীর পক্ষে নিরাপদে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র এখনও কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রাপ্ত প্রতিবেদনে পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত রাখা হয়েছে।
তবে সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়েছিল। পরে স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রস্তুতি বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা স্থগিত করা হলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি ফলাফল প্রকাশে বিলম্ব হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম পিছিয়ে যাবে এবং জাতীয় শিক্ষা ক্যালেন্ডারও মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের সমস্যার জন্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বা পরীক্ষা গ্রহণ গুরুতরভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা বোর্ডের কাছে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে পরীক্ষা কেন্দ্রে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
Leave a Reply