শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী দুই দিনের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/2jEaP9MDfmj8VD7y7) প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি করা, শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে একটি সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালু করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই অনলাইন মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়মিত পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে আশা করছে অধিদপ্তর।
এ উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/2jEaP9MDfmj8VD7y7) তথ্য পূরণ করে জমা দিতে হবে।
মাউশি আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় তথ্য প্রদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য পাঠানোর জন্য সব প্রতিষ্ঠানপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply