বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে তারা মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। তবে এ ভাতার সর্বনিম্ন পরিমাণ আগের মতোই ২ হাজার টাকা বহাল থাকবে।
বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে নির্ধারণ করেছে। অর্থ বিভাগের ২০২৫ সালের ২১ অক্টোবর জারিকৃত নির্দেশনার আলোকে প্রথম ধাপে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া কার্যকর করা হয়। এরপর দ্বিতীয় ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ওই ৭ দশমিক ৫ শতাংশের সঙ্গে আরও অতিরিক্ত ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় এখন থেকে তারা মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাওয়ার অধিকারী হবেন।
মাউশির বিজ্ঞপ্তিতে বাড়ি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বর্তমানে দেওয়া এই অতিরিক্ত সুবিধা ওই বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করতে হবে।
এছাড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ অবশ্যই বিদ্যমান নীতিমালা অনুসারে হতে হবে। এর মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)। পাশাপাশি সরকার সময়ে সময় জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ ও নীতিমালাও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো শিক্ষক বা কর্মচারী অতীত সময়ের জন্য বকেয়া অর্থ দাবি করতে পারবেন না। অর্থাৎ বাড়তি ৭ দশমিক ৫ শতাংশ বাড়ি ভাড়ার জন্য পূর্ববর্তী সময়ের কোনো বকেয়া পরিশোধ করা হবে না।
এছাড়া ভাতা প্রদান ও বিল নিষ্পত্তির ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে বাড়ি ভাতা প্রদানে কোনো ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে সেই অনিয়মের জন্য দায় বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মাউশি আরও জানিয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে সেই ভাতার সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হয়ে এখন থেকে তারা মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা প্রাপ্য হবেন।
এই নির্দেশনার মাধ্যমে দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারের ঘোষিত দ্বিতীয় ধাপের বাড়ি ভাড়া বৃদ্ধির বাস্তবায়ন আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

Leave a Reply