বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত আরও ১ হাজার ৩১১ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। এমপিওভুক্তির ফলে এসব শিক্ষক ও কর্মচারী সরকারের নির্ধারিত বেতন-ভাতার অংশ পাওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিভিন্ন অঞ্চল থেকে পাঠানো আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, এমপিওভুক্তির অনুমোদন পাওয়া ১ হাজার ৩১১ জনের মধ্যে স্কুল পর্যায়ের ৭৮০ জন এবং কলেজ পর্যায়ের ৫৩১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। অঞ্চলভিত্তিক তালিকা পর্যালোচনা করে এ অনুমোদন দেওয়া হয়েছে।
স্কুল পর্যায়ে এমপিওভুক্তির অনুমোদন পাওয়া ৭৮০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৯ জন, চট্টগ্রাম অঞ্চলের ৫৮ জন, কুমিল্লা অঞ্চলের ৭০ জন, ঢাকা অঞ্চলের ১৬২ জন, খুলনা অঞ্চলের ৪৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ৭৭ জন, রাজশাহী অঞ্চলের ১৫২ জন, রংপুর অঞ্চলের ১০১ জন এবং সিলেট অঞ্চলের ৩৫ জন রয়েছেন।
অন্যদিকে কলেজ পর্যায়ে এমপিওভুক্তির অনুমোদন পাওয়া ৫৩১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৩ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৩ জন, কুমিল্লা অঞ্চলের ১৭ জন, ঢাকা অঞ্চলের ১৩৬ জন, খুলনা অঞ্চলের ৯০ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪০ জন, রাজশাহী অঞ্চলের ১০৫ জন, রংপুর অঞ্চলের ৫২ জন এবং সিলেট অঞ্চলের ২৫ জন রয়েছেন।
এমপিওভুক্তির পাশাপাশি সভায় শিক্ষকদের পেশাগত ও একাডেমিক যোগ্যতার ভিত্তিতে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার ৩০৯ জন শিক্ষককে বিএড স্কেল প্রদান করা হবে। একই সঙ্গে ১ হাজার ২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অনুমোদিত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি এবং স্কেল সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ জারি করা হবে।
Leave a Reply