বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ সোমবার (১১ মে) এপ্রিল মাসের বেতন পেতে পারেন বলে জানা গেছে। ইতোমধ্যে এপ্রিল মাসের বেতনের অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ফলে আজ দিনের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকা পৌঁছে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
সোমবার (১১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী।
তিনি জানান, গতকাল রোববারই শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে যুক্ত করা হয়েছে। এখন ব্যাংকিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সব শিক্ষক-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আজ সন্ধ্যার মধ্যেই অধিকাংশ শিক্ষক-কর্মচারী তাদের এপ্রিল মাসের বেতনের অর্থ হাতে পেয়ে যাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানের জন্য নির্ধারিত একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনলাইনের মাধ্যমে বেতনের বিল দাখিল করেন। এরপর সেই বিল যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট দপ্তর। যাচাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতার অর্থ ছাড়ের উদ্যোগ নেওয়া হয়। সবশেষে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ব্যাংকে পাঠানো হয়।
এদিকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও দ্রুত প্রদানের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ডিজিটাল ব্যবস্থার ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও স্বচ্ছ, সহজ ও সময়োপযোগী হয়েছে। একই সঙ্গে বেতন প্রেরণ কার্যক্রমে জটিলতা ও বিলম্বও অনেকাংশে কমে এসেছে।
Leave a Reply