আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচলকারী বাসযাত্রীদের জন্য নতুন করে ভাড়া নির্ধারণ করে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার বাস রুটগুলোর জন্যও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটগুলোর পাশাপাশি মহানগর এলাকার বাসভাড়াও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। মূলত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি রুটের ভাড়ার হার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
সায়েদাবাদ রুটের ক্ষেত্রে দেখা যায়, ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রামগামী ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। একইভাবে ঢাকা থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা। সায়েদাবাদ থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা। সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে সায়েদাবাদ থেকে টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী রুটের ক্ষেত্রে ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা। একইভাবে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা (গাবতলী) থেকে ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা। রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা। মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মহাখালী রুটে ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা (মহাখালী) থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা। একইভাবে শেরপুর রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। সে অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তীতে ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে ভাড়া সমন্বয় করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা পর্যায়ে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়েছে। এছাড়া ডিটিসিএ এলাকায় মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply