পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র পাঁচদিন বাকি থাকলেও এখনো ঈদ বোনাসের টাকা পাননি বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা। ফলে ঈদের আগে বোনাস হাতে পাওয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামীকাল সোমবার শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই শঙ্কা প্রকাশ করছেন—ঈদের আগে আদৌ বোনাসের টাকা তুলতে পারবেন কি না।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অবশ্য জানিয়েছে, আগামীকাল সোমবার (১৬ মার্চ) থেকেই শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ বোনাসের টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন। অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষক-কর্মচারীদের বোনাসের অর্থ ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা সোমবার থেকেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
তবে শেষ কর্মদিবসে বোনাস ছাড় হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শিক্ষক-কর্মচারী। তাদের মতে, শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকের চাপ অনেক বেশি থাকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সবাই বোনাসের টাকা তুলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম বলেন, প্রায় প্রতি বছরই উৎসব ভাতার টাকা দেরিতে ছাড় করা হয়। সীমিত বেতন ও বোনাসের ওপর নির্ভর করে পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করার পরিকল্পনা থাকে। কিন্তু বোনাস সময়মতো না পাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের মতো মাসের শুরুতেই যেন বেতন ও বোনাস প্রদান করা হয়—এটাই শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি।
শিক্ষক-কর্মচারীদের মতে, উৎসবের আগে বেতন-বোনাস সময়মতো প্রদান করা হলে তাদের আর্থিক চাপ অনেকটাই কমে যেত এবং পরিবার নিয়ে ঈদের আনন্দও পূর্ণতা পেত। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সময়মতো অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
Leave a Reply