বেসরকারি স্কুল-কলেজে কর্মরত চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য আসন্ন ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে তা দ্রুত আইবাস (IBAS) সিস্টেমে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে উৎসব ভাতার প্রস্তাবে অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন পাওয়া গেলে বৃহস্পতিবার প্রস্তাবটি আইবাসে পাঠানো হবে। এরপর সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার বা সোমবারের মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে উৎসব ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা দ্রুত ছাড় দেওয়ার জন্য কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী রবিবার থেকেই তারা ব্যাংক থেকে উৎসব ভাতার অর্থ তুলতে পারবেন।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব প্রতি মাসেই প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে জমা দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে। ফলে এখন পুরো প্রক্রিয়াটি আগের তুলনায় দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
Leave a Reply