বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ বিষয়ে আগামীকাল মঙ্গলবার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে সোমবার (৯ মার্চ) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং দাখিল ও আলিম মাদরাসা স্তরের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি পদে রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণের বিষয়টি।
Leave a Reply