বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধি করে বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব অর্থমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ডিও লেটার প্রেরণ করা হয়েছে।
ডিও লেটারে উল্লেখ করা হয়েছে, “শিক্ষা খাতের উন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। সারা দেশের শিক্ষক-কর্মচারীদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, তাদের কল্যাণ এবং সার্বিকভাবে শিক্ষা প্রদানের মানোন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্বর অংশ। কিন্তু অতীত সময়ে শিক্ষা খাতের উন্নয়নের পরিবর্তে অন্যান্য ভৌত অবকাঠামো খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করার কারণে শিক্ষার বাজেট সংকুচিত হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে নানা ধরনের বৈষম্য তৈরি হয়েছে। এই সংকট উত্তরণের লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষা খাতের বাজেট আনুপাতিকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করেছে।”
চিঠিতে আরও বলা হয়েছে, “শিক্ষা খাতের ব্যয় বাড়ালে শিক্ষার উন্নয়ন হবে, শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নত হবে, তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সহায়তা হবে এবং বিদ্যমান বৈষম্য হ্রাস পাবে। সেই দৃষ্টিকোণ থেকে সরকার বিভিন্ন শিক্ষানীতি গ্রহণ করে চলেছে।”
ডিওতে উল্লেখ আছে, “বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় ৬ লাখ ৪ হাজার ৬৫১ জন। বর্তমানে তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। সরকারের লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষকদের জীবনমান উন্নয়ন। সেই লক্ষ্য পূরণের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছর থেকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৬০ শতাংশ হারে প্রদান করা প্রয়োজন।”
ডিওতে আর্থিক হিসাব উল্লেখ করে বলা হয়েছে, “উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অতিরিক্ত ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৯৫.৮০ কোটি টাকা প্রয়োজন হবে। অর্থাৎ মোট অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে ২৮৫.৮০ কোটি টাকা।”
চিঠিতে আরও বলা হয়েছে, “এ অর্থনৈতিক সুবিধা শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সহায়তা করবে এবং তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শেষে ডিও লেটারে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বৃদ্ধির জন্য ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য অতিরিক্ত ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য অতিরিক্ত ৯৫.৮০ কোটি টাকা বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক।”
Leave a Reply