আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন অতিরিক্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাহী আদেশের মাধ্যমে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এবার ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভা বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের নির্ধারিত সরকারি ছুটির পরদিন ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শবে কদর এবং ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে মিলিয়ে টানা সাত দিন সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীরাও দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন।
Leave a Reply