শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সাত কলেজ সংক্রান্ত বিষয়টি এখন একটি ‘মীমাংসিত’ অধ্যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সম্মতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষাঙ্গনের মতো স্পর্শকাতর বিষয়ে সরকার হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে তিনি জানান, সাত কলেজ নিয়ে আলাদা করে কোনো নতুন আলোচনা হয়নি, কারণ এটি ইতোমধ্যেই নিষ্পত্তি হওয়া বিষয়।
সাত কলেজ নিয়ে পুনরায় আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখন আর বিতর্কিত নয়; বরং সবাই সম্মত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “শিক্ষাঙ্গণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এখানে আমরা কোনো কিছু হুটহাট করে স্পর্শ করব না।”
প্রতিমন্ত্রী আরও জানান, সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তের পথে না গিয়ে সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণ করতে চায়। যেসব বিষয় ইতোমধ্যে মীমাংসিত, সেগুলোও যদি ভবিষ্যতে আরও উন্নত করার প্রয়োজন হয়, তবে তা দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় বিবেচনা করা হবে। তবে আকস্মিক বা অস্থির কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে সরকার নয়— এমন অবস্থানই স্পষ্ট করেছেন তিনি।
Leave a Reply