সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রবিবার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক প্রফেসর এম. এম. সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রকাশিত তালিকায় ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিদর্শন ও নিরীক্ষা সম্পন্ন হওয়া প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এই নিরীক্ষা প্রতিবেদনে একাধিক গুরুতর অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে—জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদে চাকরি গ্রহণ, অবৈধ নিয়োগ প্রক্রিয়া, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন আর্থিক অসঙ্গতি। তদন্তে এসব অনিয়মের কারণে প্রায় ৮৯ কোটি ৮২ লাখ ২৫ হাজার ৬০৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে থাকা বা বেহাত হওয়া ১৭৬ দশমিক ৫২৩ একর জমি উদ্ধারেরও তাগিদ দেওয়া হয়েছে, যা শিক্ষা খাতে সম্পদ ব্যবস্থাপনার বড় ধরনের দুর্বলতার ইঙ্গিত দেয়। দেখুন তালিকা
ডিআইএ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন সংবলিত পূর্ণাঙ্গ তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও গভর্নিং বডির সদস্যরা অনলাইনে প্রবেশ করে বিস্তারিত তথ্য পর্যালোচনা করতে পারবেন। এই উদ্যোগকে শিক্ষা খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম জোরদার হলে শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
দেখুন তালিকা
rahmateaa@gmail.com