বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের খেলা, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট সম্প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনার বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কর্তৃক ২০২৬ সালের ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে বাংলাদেশের প্রখ্যাত পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। বিসিসিআইয়ের এ ধরনের সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য কারণ এখনো প্রকাশ করা হয়নি, যা বাংলাদেশের জনগণের অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে এবং দেশবাসীকে আহত, ক্ষুব্ধ ও হতাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বার্থের বিষয়টি প্রাধান্য দিয়ে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট সম্প্রচার কার্যক্রম প্রচার করা থেকে বিরত থাকা জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সম্প্রচারমাধ্যমগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ করা হয়, সাম্প্রতিক আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মোস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তীতে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ তুলে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি জানায় এবং এ নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালাতে থাকে। সেই প্রেক্ষাপটে বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যা অনুসরণ করে কলকাতা নাইট রাইডার্স তাকে আনুষ্ঠানিকভাবে দল থেকে ছেড়ে দেয়।
Leave a Reply