বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই এনটিআরসিএ’র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে এই সময়সুচী অথ্যাৎ ভাইভা পরীক্ষা সম্ভবত মে মাসের ১ম সপ্তাহ নাগাদ হতে পারে। একই সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের শুরু থেকে বর্তমান পর্যন্ত সম্পন্ন হওয়া সব ধাপের কার্যক্রমও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এনটিআরসিএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে মোট ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ শীর্ষক বিজ্ঞপ্তি গত ২৫ মার্চ জারি করা হয়।
পরবর্তীতে এনটিআরসিএ’র তত্ত্বাবধানে গত ১৮ এপ্রিল ঢাকার ৯টি ভেন্যুতে চারটি পৃথক সেশনে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান)’ শীর্ষক এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার জন্য মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৮ হাজার ১৪৬ জন প্রার্থী।
এরপর গত ২২ এপ্রিল উক্ত এমসিকিউ পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায়, মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পদভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর (যা মেধাক্রম অনুযায়ী বিন্যস্ত নয়) এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার আয়োজন করা হবে এবং এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা যথাসময়ে এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Leave a Reply