বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যা অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।
এ বিষয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এনটিআরসিএ’র ব্যবস্থাপনায় গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার জন্য মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৮ হাজার ১৪৬ জন।
উক্ত এমসিকিউ পরীক্ষার ফলাফল ২২ এপ্রিল প্রকাশ করা হয়। পদভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসমূহ (যা মেধাক্রম অনুযায়ী সাজানো নয়) এনটিআরসিএ’র ওয়েবসাইটে (https://ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফল পরবর্তীতে বিধিসম্মত যে কোনো কারণে সংশোধন করার অধিকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
Leave a Reply