বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রদানের জন্য একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলেই তারা এই ভাতা পাবেন।
সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মোট ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর জন্য বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজ পর্যায়ের ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন।
জানা যায়, প্রতিমাসে প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠিয়ে থাকেন। এরপর অনলাইনে বিল দাখিল করা হলে তা যাচাই-বাছাই করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়ে থাকে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও সুশৃঙ্খলভাবে প্রদান নিশ্চিত করতে সরকার বর্তমানে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।
Leave a Reply