বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্যপদের তথ্য (চাহিদা) সংগ্রহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ) থেকে। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদের চাহিদা জমা দেওয়ার সুযোগ থাকবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত।
রোববার এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ম এনটিআরসিএ নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—যেমন স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদগুলোর ই-রিকুইজিশন সংগ্রহ করা হবে। এর মাধ্যমে বিদ্যমান শূন্যপদের তথ্য অনলাইনে গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, ৩১ মার্চ পর্যন্ত যে সব শূন্যপদ সৃষ্টি হয়েছে, সেগুলোর তথ্য নির্ধারিত নিয়ম অনুযায়ী দাখিল করা যাবে। তবে ৩১ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে অবশ্যই অনলাইনে চাহিদা জমা দিতে হবে।
অনলাইনে চাহিদা জমা দেওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, নিবন্ধিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনলাইনে শূন্যপদের চাহিদা প্রদান বাধ্যতামূলক। পূর্বে জারি করা কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় দেওয়া চাহিদা এই প্রক্রিয়ায় আর কার্যকর থাকবে না। অফলাইন, হার্ডকপি বা ই-মেইলের মাধ্যমে কোনো ধরনের চাহিদা গ্রহণ করা হবে না।
এছাড়া, এনটিআরসিএ আইন ২০০৫ ও সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রিকুইজিশন বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, এমনকি প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
প্রতিষ্ঠানপ্রধানরা নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd)-এর ই-রিকুইজিশন সেবা বক্সের লগইন অপশনে প্রবেশ করে নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে কেবলমাত্র এমপিওভুক্ত শূন্যপদের তথ্য জমা দিতে পারবেন।
এ সময় এনটিআরসিএর ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুইজিশন সংক্রান্ত নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করার জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply