ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানকারী শিক্ষকদের জন্য নতুন দিকনির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধিত শিক্ষকরা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা ডাকযোগে পাঠাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে সেটি ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না বলেও সতর্ক করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, পোস্টাল ব্যালট অবশ্যই আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। এর পরে পৌঁছানো কোনো ব্যালট গ্রহণযোগ্য হবে না। এজন্য ডাক বিভাগের সম্ভাব্য বিলম্বের কথা বিবেচনায় নিয়ে ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
‘পোস্টাল ভোট বিডি’-এর ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রতিটি ভোট সঠিকভাবে গণনায় অন্তর্ভুক্ত হয়।
নির্বাচন কমিশনের প্রত্যাশা, শিক্ষকসহ সব পোস্টাল ভোটাররা নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া আরও সুষ্ঠু, কার্যকর ও বিশ্বাসযোগ্য হবে।
এ ছাড়া কমিশন আরও জানিয়েছে, নির্দেশনাগুলো মেনে চললে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া আগের চেয়ে আরও স্বচ্ছ ও সহজ হবে।
Leave a Reply