মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন-বিল সাবমিটের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানকে অনলাইনে বেতন বিল সাবমিট করতে হবে। এ কার্যক্রম আগামী বুধবার (২৪ ডিসেম্বর) এর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। জুলাই মাস পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানো হলেও আগস্ট মাস থেকে এ প্রক্রিয়ায় পরিবর্তন এনে প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানপ্রধানকে তাঁর ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও নির্ধারণ করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে এমপিওর অর্থ প্রেরণ করা হবে।
এছাড়া এমপিও তালিকাভুক্ত কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা বিল সাবমিটের সময় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং ভুল তথ্যের কারণে অর্থ প্রেরণে সমস্যা বা অতিরিক্ত অর্থ প্রদান হলে তার দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শুধুমাত্র আইবাসের মাধ্যমে যাচাইকৃত ভ্যালিড জনবলের তথ্যই বর্তমানে বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যাদের তথ্য ভুল রয়েছে, তা সংশোধন ও যাচাই সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে যুক্ত করা হবে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর মাসের এমপিও বিল সাবমিট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply