বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সংশোধিত বদলি পরিপত্র চলতি মাসেই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিপত্র জারি হলে এরপর বদলির সফটওয়্যার তৈরির কাজ শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সংশোধিত বদলি পরিপত্র জারির জন্য চেষ্টা চলছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। তা সত্ত্বেও, পরিপত্র ছাড়া সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু করা সম্ভব না হওয়ায় চলতি মাসের শেষ দিকে সংশোধিত বদলি পরিপত্র জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাধ্যমিক-২) মো. হেলালুজ্জামান সরকার বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা জারির জন্য কাজ করা হচ্ছে। তবে কবে নাগাদ এটি জারি করা সম্ভব হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।’
এর আগে গত ১৪ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা জানান, বদলির সফটওয়্যার এখনো তৈরি হয়নি। সফটওয়্যার তৈরির আগে টেলিটকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হবে এবং শিগগিরই এ সংক্রান্ত স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সফটওয়্যার তৈরি করতে কিছুটা সময় লাগবে।
নীতিমালা জারি না হওয়া পর্যন্ত বদলি সফটওয়্যার তৈরি করা সম্ভব নয় উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সংশোধিত বদলি নীতিমালা এখনো জারি হয়নি। মন্ত্রণালয় নীতিমালা জারি করলেই দ্রুত সফটওয়্যার তৈরির কাজ শুরু করা হবে।
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। তারা কেবল প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় এবং এ লক্ষ্যে একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের একাংশের করা রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এতে শিক্ষকরা হতাশা প্রকাশ করেছেন।
Leave a Reply