মাদরাসা শিক্ষকদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এতে রোববার (১৪ ডিসেম্বর) নতুন করে ইস্যু করা এমপিও শিট অনুযায়ী মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষ ও সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার জারি করা এক সরকারি নোটিশে মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানায়, গত ১১ ডিসেম্বর প্রকাশিত এমপিও শিটে একাধিক কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় সেটির ভিত্তিতে বেতন বিল প্রস্তুত করা যাবে না। ওই শিটে তথ্যগত ও হিসাবসংক্রান্ত অসঙ্গতির কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এ কারণে সংশোধিত ও হালনাগাদ তথ্য সংযোজন করে ১৪ ডিসেম্বর নতুন এমপিও শিট ইস্যু করা হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এখন থেকে শুধুমাত্র এই নতুন এমপিও শিট অনুসরণ করেই মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বিল প্রস্তুত ও দাখিল করতে হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর আরও জানায়, নতুন নির্দেশনা অনুসরণ না করলে বেতন বিল অনুমোদন কিংবা অর্থ ছাড়ে বিলম্ব হতে পারে। তাই সব এমপিওভুক্ত মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের যথাযথভাবে নতুন এমপিও শিট যাচাই করে নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন বিল প্রস্তুতের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এমপিও শিটে ত্রুটি সংশোধনের ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত হবে। একই সঙ্গে ভবিষ্যতে বেতন সংক্রান্ত জটিলতা এড়াতেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।।
Leave a Reply