অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মন্তব্যে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তিনি জানিয়েছেন, নতুন পে স্কেল সংক্রান্ত সিদ্ধান্ত বর্তমান অন্তর্বর্তী সরকার নয়, বরং আগামী সরকারই গ্রহণ করবে। তবে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং দাবি তুলেছেন, বর্তমান সরকারকেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে হবে।
সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো বলছে, দীর্ঘ ১১ বছর ধরে তারা নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন। এ অবস্থায় বিষয়টি নতুন সরকারের হাতে গেলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও বিলম্বিত হবে। বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আমরা চাই অন্তর্বর্তী সরকারই নতুন পে স্কেল ঘোষণা করুক। পরবর্তী সরকারের হাতে গেলে তা সময়সাপেক্ষ হবে, এতে কর্মচারীদের দুঃখ-কষ্ট আরও বাড়বে।”
একইভাবে অসন্তোষ প্রকাশ করেছেন অন্যান্য কর্মচারী ফেডারেশন ও সমিতির নেতারাও। তারা জানিয়েছেন, সরকারের এমন ঘোষণার পর নিজেদের সদস্যদের নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল খালেক বলেন, “আমরা সদস্যদের সঙ্গে আলোচনা করব এবং প্রয়োজনে যৌথ সিদ্ধান্ত নিয়ে দাবি আদায়ের পথে এগোবো।”
উল্লেখ্য, সরকারি চাকরিজীবীরা এরই মধ্যে ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণার আল্টিমেটাম দিয়েছিলেন। তাদের দাবি—দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাড়লেও বেতন কাঠামো সেই অনুপাতে সমন্বয় হয়নি।
এর আগে রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা একটি কমিটি করেছি, যেখানে স্বাধীন অর্থনীতিবিদরা ট্যাক্স কাঠামোসহ অর্থনৈতিক বিষয়ে সুপারিশ দিচ্ছেন। পে কমিশন নিয়েও আলোচনা চলছে। তবে এটি এখনই বাস্তবায়নের পর্যায়ে নয়; আগামী সরকার হয়তো এসে এটি চূড়ান্ত করতে পারবে। আমরা কেবল প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি।”
সরকারি চাকরিজীবীদের মতে, এই ‘প্রাথমিক প্রস্তুতি’ কথাটি স্পষ্ট নির্দেশ দেয় যে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল কার্যকর করবে না, যা তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়—সরকারি কর্মচারীদের এই চাপ ও আল্টিমেটাম কতটা প্রভাব ফেলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে।
Leave a Reply