বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন ভাতা নিয়ে হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ রায় প্রকাশিত হয়েছে। রায়ে বলা হয়েছে, পাঁচ লাখেরও বেশি শিক্ষক ও কর্মচারী অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যেই অবসরকালীন সুবিধা তথা অবসরভাতা পাবেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজি জিনাত হকের হাইকোর্ট বেঞ্চের দেওয়া এ রায়ের পূর্ণাঙ্গ কপি (১৩ পৃষ্ঠা) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিষয়টি রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্যাহ মিয়া নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি একই বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দিয়েছিলেন। তখনই আদালত নির্দেশ দিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন সুবিধা অবসরের ছয় মাসের মধ্যেই নিশ্চিত করতে হবে।
রায়ে হাইকোর্ট কড়া মন্তব্য করে বলেছেন—এটা চিরন্তন সত্য যে শিক্ষকরা অবসরকালীন সুবিধা পাওয়ার জন্য বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে বাধ্য হন। এ প্রক্রিয়ায় তারা শুধু হয়রানির শিকারই হন না, বরং মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হন। আদালত আরও উল্লেখ করেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যে সামান্য বেতন পান, সেটিও বিবেচনায় নিতে হবে। তাই অবসরভাতা পাওয়ার জন্য তাদের দীর্ঘদিন অপেক্ষা করার কোনো যৌক্তিকতা নেই।
আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, অবসরের ছয় মাসের মধ্যেই সংশ্লিষ্টদের অবসরভাতা প্রদান নিশ্চিত করতে হবে। শিক্ষকরা অবসরকালীন সুবিধা পেতে বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরবেন—এমন পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না বলে হাইকোর্ট মন্তব্য করেছে।
রায়ে হাইকোর্ট আরও যে বিষয়টি বলেছে তার হলো অতিরিক্ত কর্তনের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করতে হবে।
Leave a Reply