সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যাচ্ছেতাই মন্তব্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর আজাদ খান। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
ফেসবুক পোস্টে মাউশি ডিজি জানান, ‘ফেসবুক আমার অফিস না। যা ইচ্ছে তা কমেন্ট করলে আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় থাকবে না।’
তবে মাউশি ডিজির এই বক্তব্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। তারা বলছেন, অধিদপ্তরের মহাপরিচালক যখন ফেসবুকে অফিসিয়াল তথ্য শেয়ার করেন, তখন সেখানে মন্তব্য করা স্বাভাবিক। এমন মন্তব্যকে কেন্দ্র করে আইনের ভয় দেখানো অনাকাঙ্ক্ষিত।
‘আমি বৈষম্যহীন’ ফেসবুক আইডি থেকে একজন লিখেছেন, ‘ফেসবুকে অফিসিয়াল স্ট্যাটাস দিতে পারবেন কিন্তু কমেন্ট করা যাবে না। আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিছু দিনের মধ্যে। সরকারকে বেকায়দা ফেলার জন্য বেকারদের নিয়ে তামাশা করে আন্দোলন সৃষ্টি করতে চাইছেন।’
সিরাজুল ইসলাম সুমন নামে একজন লিখেছেন, ‘পাগলামো কথাবার্তা বললে মানুষ বাজে কমেন্ট করবেই, এটা স্বাভাবিক। আপনি যদি যোগ্য হন এবং যোগ্যতার ভিত্তিতে চেয়ারে বসেন তাহলে ভালো কথা। কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। প্রদর্শক নিয়োগ পরীক্ষায় কোন দুর্নীতি হয়নি, দুদকও তা প্রমাণ পায়নি। সুতরাং রেজাল্ট আমাদের অধিকার। আমি নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আমার মতো হাজার হাজার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই রেজাল্টের অপেক্ষায়। অথচ আপনি মনগড়া কথা বলেন এবং কমেন্টে অন্যদের ‘তুই’ সম্বোধন করেন, যা আপনার মতো ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়।’
মো. ইব্রাহিম নামের একজন মন্তব্য করেন, ‘কেউ যদি অনিয়ম করে থাকে তাহলে তাকে বাদ দিয়ে রেজাল্ট প্রকাশ করুন স্যার। আমি দুটি পদে ভাইভা দিয়েছি। আশা করেছিলাম অন্তত একটি চাকরি হবে, পরিবারে হাসি ফোটাতে পারব। আমার সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। এখন ইচ্ছা করলেও আর আবেদন করতে পারবো না।’
মো. কামরুজ্জামান লিখেছেন, ‘ধৈর্য্য ধরুন স্যার। আপনি অনেক উচ্চ পদে অধিষ্ঠিত একজন দায়িত্বশীল কর্মকর্তা। অনেকেই মান-সম্মানের ভয়ে ফেসবুক ব্যবহার থেকে বিরত থাকেন। চাকরি পাওয়ার আগেই যারা এমন ঔদ্ধত্যপূর্ণ কমেন্ট করছেন, চাকরি পাওয়ার পর তারা কী করবেন? আপনি চাইলে আপনার ফ্রেন্ডলিস্ট সীমিত রাখতে পারেন স্যার।’
Leave a Reply