কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে, প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে
আসন্ন ঈদুল আজহার আগেই কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা বর্ধিত উৎসব ভাতা পেতে পারেন। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলেই শিক্ষকদের হাতে পৌঁছে যাবে বর্ধিত এই ভাতা।
রোববার (১৮ মে) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে মিডিয়ার সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট) সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন।
তিনি বলেন, “কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব করেছি। এই বাড়তি অর্থ প্রদানে আমাদের প্রায় ৩০ কোটি ৩৪ লাখ টাকার প্রয়োজন হবে। বিষয়টি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করছি চলতি সপ্তাহেই সম্মতি পাওয়া যাবে।”
এর আগে, স্কুল ও কলেজ পর্যায়ের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এর ফলে, ঈদুল আজহায় তারা বর্ধিত ভাতা পাচ্ছেন।
এই সিদ্ধান্তের আলোকে গত ১৪ মে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়:
“মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ এপ্রিল ২০২৫ তারিখের আধা-সরকারি পত্রের আলোকে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট হতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানে ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হলো।”
চিঠিতে আরও বলা হয়, এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে এ অর্থকে সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে বিবেচনা করতে হবে এবং যেসব কোড থেকে অর্থ পুনঃউপযোজন করা হয়েছে, সেগুলোতে ভবিষ্যতে অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না। এ ছাড়া প্রশাসনিক বিভাগ থেকে জারিকৃত সরকারি আদেশের দুটি অনুলিপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কণের জন্য পাঠাতে হবে।
Leave a Reply