ঈদের আগেই মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা: মাউশি মহাপরিচালক
আসন্ন ঈদুল আজহার পূর্বেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন ও উৎসব ভাতা পাবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রোববার (১৮ মে) বিকেলে মিডিয়ার সাথে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, “ইতোমধ্যে এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মে মাসের বেতন এবং ঈদ বোনাসের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। আমরা আশা করছি, ঈদের ছুটি শুরুর আগেই শিক্ষক-কর্মচারীরা এই দুই সুবিধা পেয়ে যাবেন। যদিও দুইটি একসঙ্গে নাও হতে পারে—সম্ভবত উৎসব ভাতা আগে ছাড় হবে, এরপর মে মাসের বেতন।”
কবে নাগাদ এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে—এমন প্রশ্নে ড. আজাদ খান জানান, “ঈদ বোনাসের প্রস্তাব চলতি সপ্তাহের মধ্যেই পাঠানোর পরিকল্পনা আছে। আর মে মাসের বেতনের প্রস্তাব আগামী সপ্তাহে পাঠানো হতে পারে। বিষয়টি নিয়ে আমাদের টিম কাজ করছে।”
এদিকে, জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে বেতন-ভাতা পেয়ে থাকেন। তবে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এতদিন ‘অ্যানালগ’ পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে প্রদান করা হতো, যা শিক্ষক-কর্মচারীদের জন্য বিভিন্ন সময় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে গত ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে প্রদান শুরু করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
প্রথম ধাপে ২০২৩ সালের অক্টোবর মাসে ২০৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটি সুবিধার আওতায় বেতন পান। পরে গত ১ জানুয়ারি একযোগে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী এ সুবিধার আওতায় আসেন। পরবর্তীতে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে আরও ৬৭ হাজার, ৮৪ হাজার এবং ৮,২০০ জন শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন-ভাতা পান।
তবে এখনো অনেক শিক্ষক-কর্মচারী এপ্রিল মাসের বেতন পাননি। মাউশি ইতোমধ্যে এই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং চলতি সপ্তাহেই তা ছাড় হতে পারে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply