বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, ভবিষ্যতে এই নিয়োগ কার্যক্রম সরাসরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে সম্পন্ন হবে। অর্থাৎ, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ আর স্বাভাবিক প্রক্রিয়ায় হবে না, বরং কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএ-র তত্ত্বাবধানে নিয়োগ সম্পন্ন হবে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটি বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্স বা বিধিবিধান পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধনের উদ্যোগ নেবে, যাতে নতুন নিয়োগপ্রক্রিয়া কার্যকর করা যায়।
নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব সাংবাদিকদের বলেন, “প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএকে একক কর্তৃপক্ষ করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমানকে কমিটির আহ্বায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও যোগ করেন, এই কমিটিতে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। কমিটি একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করবে। নীতিমালা অনুমোদনের পর তা প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে।
Leave a Reply