আট মাসেই নানা বিতর্কে জড়ানো উপপরিচালকের বদলি নিয়ে গুঞ্জন
শিক্ষা প্রশাসনে মাত্র আট মাস দায়িত্ব পালনের মধ্যেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন এক উপপরিচালক। স্ত্রীকে ঈদে ৮০ লাখ টাকার হীরার গয়না উপহার দেওয়ার খবর, নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে গোপন বৈঠক ও কোটি টাকার বাটোয়ারার অভিযোগ এবং শিক্ষক-কর্মচারী বদলি বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগ—সব মিলিয়ে তাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, ওই উপপরিচালককে দিনে সচরাচর শিক্ষা ভবনে পাওয়া না গেলেও সচিবালয়ের ১৮, ১৯ ও ২০ তলায় নিয়মিত ঘোরাফেরা করতে দেখা যায়। কেউ বলছেন, হাইস্কুল শিক্ষক বদলি সিন্ডিকেট, কেউ বলছেন জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বদলির সঙ্গে সংশ্লিষ্ট দালাল চক্রের সঙ্গে তার সখ্যতা রয়েছে।
বিশেষ করে সাম্প্রতিক প্রদর্শক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে তার অতি আগ্রহ এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ—এসবকে ঘিরে ঘুষ লেনদেনের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
শিক্ষা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আরও দাবি করেছেন, উপপরিচালকের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাও বর্তমানে নিজের অবস্থান নিয়ে সংকটে আছেন। পাঠ্যবই বিতরণ নিয়ে ওঠা প্রশ্নের মুখে পড়েছেন তিনি। ফলে পূর্বের মতো বিতর্কিত কর্মকর্তাকে রক্ষা করাও এখন আর সহজ হচ্ছে না। সূত্র মতে, সম্প্রতি ওই কর্মকর্তার বদলি ঠেকাতে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালীসহ কয়েকটি জেলার প্রভাবশালী মহলের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা হয়েছে।
এদিকে এসব অভিযোগের বিষয়ে ওই উপপরিচালকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা দাবি করছেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তবে প্রশাসনের একটি অংশ বলছে, এতসব অভিযোগ থাকা সত্ত্বেও তাকে বরখাস্ত না করে বরং ঢাকার বাইরে বদলি করার প্রক্রিয়া চলছে, যা প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছে।
Leave a Reply