সর্বজনীন বদলির দাবিতে আন্দোলন স্থগিত করলেন এমপিওভুক্ত শিক্ষকরা
সর্বজনীন বদলির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাজকির-উজ-জামানের আশ্বাসের পর এ সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. রবিউল ইসলাম জানান, “আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতের চেষ্টা করেছিলাম। তিনি উপস্থিত না থাকায় তার একান্ত সচিবের সঙ্গে দেখা করি। তিনি আমাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। ফলে আমরা আপাতত কর্মসূচি স্থগিত করেছি। তবে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”
এর আগে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সর্বজনীন অনলাইন বদলি প্রক্রিয়া চালুর দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, বদলির ক্ষেত্রে বৈষম্য এবং জটিলতার কারণে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে নারী শিক্ষকরা সবচেয়ে বেশি ভুগছেন—অনেকের সংসারও ভেঙে যাচ্ছে।
তারা জোর দিয়ে বলেন, ‘সবার জন্য সমান সুযোগ’ নিশ্চিত করতে স্বচ্ছ, ন্যায়সংগত ও নিয়মতান্ত্রিক সর্বজনীন বদলি নীতিমালা অবিলম্বে প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরি। সরকারের প্রতি শিক্ষকদের প্রতি অবহেলা বন্ধ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
Leave a Reply