দেশের প্রায় সাড়ে তিন লাখ বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী এখনো ২০২৫ সালের এপ্রিল মাসের বেতন পাননি। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ থাকলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে বেতন পরিশোধ শুরু হবে এবং ২০ মে’র মধ্যে বেতন বিতরণ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
এমপিও বেতন-ভাতার তথ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মাউশির ইএমআইএস (EMIS) সেলের কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান,
“কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, তবে আমরা তা সমাধানের শেষ ধাপে রয়েছি। এ সপ্তাহেই বিষয়টি গুছিয়ে ফেলা হবে এবং পরের সপ্তাহ থেকে শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে।”
সরকারি চাকরিজীবীরা বেতন পান ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে, যা দ্রুত ও সরাসরি ব্যাংক হিসাবে পৌঁছায়। কিন্তু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন এখনো রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়।
এই ব্যবস্থায় শিক্ষকরা নিয়মিতভাবে বিভিন্ন ধরণের হয়রানি, বিলম্ব ও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা তোলার মতো সমস্যার সম্মুখীন হন।
এই ভোগান্তির প্রেক্ষিতে, ২০২৪ সালের ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবসে, শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়—
বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনও সেই প্রক্রিয়া পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইএফটির আওতায় আনা হবে, যাতে দ্রুত, নির্ভরযোগ্য এবং স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক-কর্মচারীরা তাদের আর্থিক সুবিধা পেতে পারেন।
Leave a Reply