চলতি মে মাসে নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে আগামী ৬ মে-এর মধ্যে এসব নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতির মাধ্যমে উপজেলা ও আঞ্চলিক পর্যায় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুনভাবে এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের সব ধরনের তথ্য আগামী ৬ মে-এর মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পাঠাতে হবে। ৭ মে এই তথ্য যাচাই-বাছাই করা হবে। এরপর বেতন এবং উৎসব ভাতা সংক্রান্ত চূড়ান্ত প্রক্রিয়ার জন্য আবারও প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে।
তিনি আরও বলেন, তথ্য দ্রুত পাওয়া গেলে যাচাই শেষে বেতন ও ঈদুল আজহার উৎসব ভাতা প্রদানের ব্যবস্থা করা সম্ভব হবে। সম্ভাব্যভাবে আগামী শুক্রবার-শনিবারের মধ্যে বিল সাবমিট ও যাচাইয়ের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, কারণ সময় খুব সীমিত। নতুন এমপিওভুক্তদের তথ্য যথাসময়ে পাওয়া গেলে ১৩ মে-এর মধ্যেই তাদের বেতন ও উৎসব ভাতার সব তথ্য প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
তবে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক চিঠি জারি হয়নি। খুব শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা পত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি মে মাসের এমপিও বেতন বিল এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ১০ থেকে ১৩ মে-এর মধ্যে অনলাইনে সাবমিট করা যাবে।
Leave a Reply