ভালো পারফরম্যান্সের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন করে তাদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন উপজেলা থেকে বাছাই করে দক্ষ ও সাফল্যপূর্ণ কাজ করা শিক্ষকদের চিহ্নিত করা হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা বা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ধরুন কোনো একটি উপজেলা—যেমন নাটোর জেলার কোনো এলাকা—সেখান থেকে সামগ্রিকভাবে তিনজন কিংবা পাঁচজন শিক্ষককে নির্বাচন করা যেতে পারে, যারা তাদের কাজের মাধ্যমে বিশেষভাবে ভালো পারফর্ম করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এসব শিক্ষকের নাম প্রস্তাব আকারে পাঠায়, তাহলে সরকার সেই তালিকা যাচাই করে তাদের জন্য পুরস্কার বা সম্মাননার ব্যবস্থা গ্রহণ করবে।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। কারণ, ভালো কাজের স্বীকৃতি পেলে অন্যরাও উৎসাহিত হবে এবং সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে। তিনি বলেন, আমরা সবাই এই সমাজ ও দেশের অংশ, তাই একে উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
এ সময় তিনি সরকারের নির্বাচনী ইশতেহার এবং জনগণের সঙ্গে সম্পাদিত ‘জুলাই সনদ’-এর প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে দারিদ্র্য ও বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব সমস্যার সমাধান করতে গিয়ে যেন সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সেদিকে সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। জনগণের কষ্ট কমিয়ে কার্যকর সমাধানের পথ খুঁজে বের করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
Leave a Reply