বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে সরকার। এই উদ্যোগের ফলে দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকরা নিজ জেলায় ফিরে আসার সুযোগ পাবেন। তবে নিজ জেলায় কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলির সুযোগ রাখা হয়নি।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি ও পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নিজ জেলায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা।
শিক্ষকদের অভিযোগ, দেশের অনেক উপজেলার মধ্যে দূরত্ব অত্যন্ত বেশি। এক উপজেলা থেকে আরেক উপজেলার দূরত্ব ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। অন্যদিকে, এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের নিজ জেলার কর্মস্থল থেকে বাড়ির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার বা তারও কম। ফলে নতুন বদলি নীতি অনুযায়ী, যারা ভিন্ন জেলায় কর্মরত আছেন তারা নিজ জেলায় ফিরে যাওয়ার সুযোগ পাবেন, কিন্তু নিজ জেলার মধ্যে ৮০-১০০ কিলোমিটার দূরে কর্মরত শিক্ষকরা বদলির কোনো সুযোগ পাবেন না। এতে স্পষ্ট বৈষম্যের সৃষ্টি হবে বলে শিক্ষকরা মনে করছেন।
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত ইংরেজি বিষয়ের শিক্ষক মো. আনিছুর রহমান এ বিষয়ে বলেন, “আমার বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। বর্তমান কর্মস্থল মনোহরগঞ্জ থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ১১০ কিলোমিটার। নতুন নীতি অনুযায়ী আমি বাড়ির কাছাকাছি কোনো প্রতিষ্ঠানে বদলি হতে পারব না। অথচ আমার অনেক সহকর্মী যারা ভিন্ন জেলায় কর্মরত, কিন্তু তাদের বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব মাত্র ২০ কিলোমিটার, তারা বদলির সুযোগ পাবেন। এটি চরম বৈষম্যমূলক। আমরা এই বৈষম্য দূর করে নিজ জেলায় কর্মরত শিক্ষকদেরও এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
শিক্ষকদের এই দাবির বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, “নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ বর্তমান নীতিমালায় রাখা হয়নি। এটি অন্তর্ভুক্ত করতে হলে বদলি নীতিমালা সংশোধন করতে হবে, যা এ মুহূর্তে সম্ভব নয়। প্রথমে বদলি প্রক্রিয়া চালু হোক। পরবর্তীতে শিক্ষকরা আবেদন করলে বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
Leave a Reply