৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হলেও যোগদান করতে ব্যর্থ হওয়া কিংবা পরবর্তীতে এমপিওভুক্ত হতে না পারা আরও প্রায় ৩০০ জন শিক্ষককে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে এ সংক্রান্ত একটি ফাইল উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রাথমিকভাবে প্রায় ২০০ থেকে ৩০০ জন শিক্ষককে প্রতিস্থাপনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। যেসব প্রার্থী বিভিন্ন কারণে পূর্বে সুপারিশপ্রাপ্ত হয়েও নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি অথবা এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন, তাদের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সদ্য সংগৃহীত শূন্য পদের তালিকা অনুযায়ী এসব প্রার্থীদের পুনরায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিস্থাপন করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, প্রতিস্থাপন সংক্রান্ত ফাইল ইতোমধ্যেই চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের মধ্যেই ফাইলটির অনুমোদন পাওয়া যেতে পারে। অনুমোদন সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিস্থাপনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এদিকে, প্রতিস্থাপন কার্যক্রমের পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুল চাহিদাপত্র দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তা সতর্ক করেন।
Leave a Reply