স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভা আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ জারি করেছে। এই নীতিমালার ভিত্তিতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে।
প্রস্তুতকৃত এই সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এ উদ্দেশ্যে আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত সভায় অংশগ্রহণের জন্য মাঠপর্যায়ের সকল আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (কলেজ), আঞ্চলিক উপপরিচালক (বিদ্যালয় ও পরিদর্শন শাখা), জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়াও, এই ভার্চুয়াল সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply