বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তৈরি করা বদলি সফটওয়্যার সম্পূর্ণ প্রস্তুত থাকলেও তা এখনই উন্মুক্ত করা হচ্ছে না। জানা গেছে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরই সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর একটি সূত্র থেকে জানানো হয়েছিল, বদলি সফটওয়্যার ইতোমধ্যে লাইভ করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। কিন্তু এই খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির শীর্ষ কর্মকর্তাদের নজরে আসে। এরপরই সফটওয়্যারটি আগেভাগে উন্মুক্ত না করার নির্দেশনা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “বদলি সফটওয়্যার লাইভ হয়েছে—এমন সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহল থেকে চাপ এসেছে। এখন সিদ্ধান্ত হয়েছে, শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, এরপরই এটি উন্মুক্ত করা হবে।”
সফটওয়্যারটি ঠিক কবে নাগাদ উন্মুক্ত হতে পারে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, “আগামীকাল বুধবার মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বিষয়টি শিক্ষামন্ত্রীকে অবহিত করবেন। এরপর মন্ত্রী যদি আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেন, তাহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা করা হতে পারে। আর যদি তিনি মৌখিক অনুমতি দেন, তাহলে সেই অনুযায়ী সফটওয়্যার চালু করা হবে।”
মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের চিঠি কবে পাঠানো হবে—এ প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী যখন আনুষ্ঠানিকভাবে সফটওয়্যার উদ্বোধন করবেন, তখনই সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোতে তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠানো হবে।”
উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। তারা শুধুমাত্র প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় এবং এ লক্ষ্যে একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের একটি পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না থাকা, নীতিমালার সংশোধনসহ বিভিন্ন জটিলতার কারণে এখনো পর্যন্ত বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
যদিও সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে, কিন্তু সফটওয়্যার প্রস্তুত না থাকায় পুরো প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে। পরে সফটওয়্যারের ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এখন সফটওয়্যার পুরোপুরি প্রস্তুত হলেও শিক্ষামন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় এর উন্মুক্তকরণ আবারও পিছিয়ে গেছে।
Leave a Reply